
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ঘরের নগদ টাকা, আসবাবপত্র, হাঁস-মুরগিসহ মূল্যবান সব মালামাল ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকার খলিল মিস্ত্রি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয়রা এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজনের প্রায় এক ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই জেলে আক্তার হোসেন ও তার স্ত্রী গৃহপরিচারিকা শাহানুর আক্তারের বসতঘর এবং ভেতরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত শাহানুর আক্তার বলেন, ‘স্বামী-স্ত্রী মিলে অনেক কষ্ট করে ঘরটি গড়ে তুলেছিলাম। মুহূর্তের আগুনে আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। গায়ে পরা কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারিনি। এখন অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে।’
স্থানীয় বাসিন্দা শরীফুল ইসলাম জানান, শাহানুর মানুষের বাড়িতে কাজ করেন এবং তাঁর স্বামী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। ঘটনার সময় আক্তার নদীতে ছিলেন। আগুনে তাদের জমানো টাকাসহ সবকিছু পুড়ে যাওয়ায় অভাবের এই সংসারটি আরও বেশি বিপদে পড়ে গেছে।
কমলনগর ফায়ার সার্ভিসের ফায়ার লিডার প্রণব বড়ুয়া বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
