লন্ডনে আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগীর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের লন্ডনে ব্রিকলেন জামে মসজিদে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও পীরে কামিল হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রচণ্ড গরম উপেক্ষা করে রবিবার দিনব্যাপী এই আয়োজনে যোগ দেন যুক্তরাজ্যজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অগণিত মুরীদ, ভক্ত ও সাধারণ মানুষ।

মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা দুবাগী (রহ.)-এর বড় ছেলে আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.) ছিলেন প্রবাসে ইসলামী জাগরণের এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে যুক্তরাজ্যে দ্বীনি শিক্ষা, ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন একাধারে বিজ্ঞ মুফতি, সুদক্ষ সংগঠক ও সফল শিক্ষক।

বক্তারা আরও বলেন, সাংগঠনিক দক্ষতায় তিনি ছিলেন অনন্য। ইউকে আঞ্জুমানে আল-ইসলাহ, লন্ডন দারুল হাদীস লতিফিয়া এবং ইউকে উলামা সোসাইটির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া তাঁর রচিত গ্রন্থ ও ফতোয়া প্রবাসী মুসলিম সমাজে আজও দিকনির্দেশনা হিসেবে কাজ করছে।

স্মৃতিচারণ করতে গিয়ে মাহফিলে উপস্থিত অনেক ছাত্র ও অনুরাগী বলেন, কঠিন ধর্মীয় বিষয়গুলো অত্যন্ত সহজ ও দলিলভিত্তিক উপস্থাপনের ক্ষমতা ছিল তাঁর। তিনি ছিলেন বিনয়, তাকওয়া ও ইখলাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মাহফিলে বক্তব্য দেন মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল লন্ডনের পরিচালক আল্লামা সাদিক কোরেশী আল-আজহারী, মুহিউল ইসলাম মসজিদের খতিব আল্লামা শের আহমদ বারকাতি, সাবেক মন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী, মুফতি ইলিয়াস হোসেন, আল্লামা হাবিবুর রহমান চাতকী, আল্লামা আব্দুল জলিল প্রমুখ।

অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন মাওলানা ফখরুল ইসলাম। মাহফিল শেষে মিলাদ পাঠ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।

উল্লেখ্য, আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.) ২০২০ সালের ১০ জুলাই যুক্তরাজ্যে ইন্তেকাল করেন।