
নাজমুল হোসেন : ফুটবল বিশ্বকাপকে ঘিরে উম্মাদনায় ভাসছে পুরো দেশ। সেই আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে লক্ষ্মীপুরেও। প্রিয় দল আর্জেন্টিনার সাফল্য কামনায় সদর উপজেলায় বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছেন দলটির সমর্থকেরা।
শুক্রবার বিকেলে সদর উপজেলার নন্দনপুর এলাকা থেকে র্যালিটি শুরু হয়। শত শত আর্জেন্টিনা সমর্থক নীল-সাদা জার্সি গায়ে, হাতে পতাকা নিয়ে র্যালিতে অংশ নেন। র্যালিটি দালাল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নন্দনপুর এলাকায় এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বাদ্যযন্ত্রের তালে তালে, বাঁশির সুর আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। তারা বিশ্ব ফুটবলের অন্যতম তারকা লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেবল প্রিয় দলের প্রতি ভালোবাসা নয়, বরং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এই আয়োজন করা হয়েছে।
র্যালির আয়োজকরা বলেন, ‘খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে। বিশ্বকাপকে কেন্দ্র করে নানা দলের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হওয়াটা দারুণ বিষয়। আমরা চাই, এই উদ্দীপনা যেন সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্যেই সীমাবদ্ধ থাকে।’
বিশ্বকাপের সময় যতই ঘনিয়ে আসছে, লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় দলের সমর্থকদের এমন ছোট-বড় আয়োজন ততই বাড়ছে, যা পুরো জেলায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।
