
নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দায়ের হওয়া একটি মামলায় দুধের শিশুকে কোলে নিয়ে কারাগারে যাওয়া ফারহানা আক্তার শিল্পীকে জামিন দিয়েছেন আদালত।
বুধবার (১৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার দেলোয়ার হোসেন।
আদালত সূত্র জানায়, একটি মারধরের মামলায় শিল্পী সোমবার (১১ মে) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে দুধের শিশু সন্তান সিয়ামকে কোলে নিয়ে কারাগারে যেতে হয়।
ঘটনার পর প্রিজন ভ্যানে শিশুকে কোলে নিয়ে বসে থাকা এবং কারা ফটকের সামনে তাঁর অন্য দুই স্কুলপড়ুয়া সন্তানের দাঁড়িয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
পরে বিষয়টি আইনজীবীর ফেসবুক পোস্ট ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে আদালত পুনরায় বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন এবং বুধবার তাঁর জামিন মঞ্জুর করেন।
শিল্পীর আইনজীবী মহসিন কবির স্বপন বলেন, ভিডিও ও চিকিৎসা প্রতিবেদনে দেখা গেছে ঘটনাটি জামিনযোগ্য ছিল। কিন্তু প্রথমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে আদালত মানবিক বিবেচনায় তাঁকে জামিন দেন।
আদালতের এ সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে ভুক্তভোগী পরিবারে বলে জানা গেছে।
