
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রাঘাতে লিমা আক্তার (১৭) নামের এক হাফেজে কুরআন তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের সাতদরুন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মাছ ব্যবসায়ী খোকনের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় লিমা বাড়ির উঠানে দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাঁকে স্থানীয় ফজুমিয়ারহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, মাত্র তিন মাস আগে কিডনিজনিত রোগে মারা যান লিমার মা জান্নাতুল ফেরদাউস। মায়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই বজ্রাঘাতে মেয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
হাজিরহাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আপেল মাহমুদ বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মায়ের মৃত্যুর তিন মাসের মাথায় মেয়ের এমন মৃত্যু এলাকাবাসীকে শোকাহত করেছে।”
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, বজ্রাঘাতে এক তরুণীর মৃত্যুর খবর পেয়েছেন তিনি। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
