লালমনিরহাটে আনসার ব্যাটালিয়নে নবীন সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

আলামীন রংপুর  প্রতিনিধি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লালমনিরহাট আনসার ব্যাটালিয়ন (৩৪ বিএন)-এ নবীন সিপাহিদের ১০ সপ্তাহ মেয়াদি পরিচিতিমূলক প্রশিক্ষণের (ওটি) সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) ব্যাটালিয়ন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, ২৬তম ও ২৭তম ব্যাচের প্রশিক্ষণার্থীরা এতে অংশ নেন। প্রশিক্ষণের অংশ হিসেবে তারা কুচকাওয়াজসহ বিভিন্ন সামরিক কৌশল ও শৃঙ্খলামূলক কার্যক্রম প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল (বিভিএম, পিভিএমএস)। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

পরে তিনি নবীন সিপাহিদের উদ্দেশে বক্তব্য দেন। এতে তিনি প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দক্ষতার প্রশংসা করেন এবং পেশাগত জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের পরিচালক মো. কামারুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াত হোসাইন, বিভিন্ন কোম্পানির কমান্ডার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং বাহিনীর সদস্যরা।

সমাপনী অনুষ্ঠানে তিনজন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই প্রশিক্ষণ নবীন সিপাহিদের পেশাগত জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।