
নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ (গাজীপুর) | গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে ফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়ামোদীদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
বালিকা বিভাগের ফাইনালে এস এম নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পানজোরা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন নুসরাত জাহান।
অন্যদিকে বালক বিভাগের ফাইনালে উত্তর সোম সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কৌচান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়। বিজয়সূচক গোলটি করেন হামীম হাসান।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বালিকা বিভাগে আয়েশা জান্নাত ত্বোহা (পানজোরা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়) এবং বালক বিভাগে হামীম হাসান (উত্তর সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন। এছাড়া আয়োজক কমিটির পক্ষ থেকে চ্যাম্পিয়ন দুই দলকে দুটি করে ফুটবল উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিঞা, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাকটর পারভীন জাহান এবং বিভিন্ন সহকারী শিক্ষা কর্মকর্তা।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ায়।
