
নোয়াখালী, নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এবং জেলা প্রশাসক শফিকুল ইসলাম।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
পরে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন বিচারক, আইনজীবী ও সরকারি কর্মকর্তারা বক্তব্য দেন। বক্তারা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে আইনগত সহায়তা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
আলোচনা সভা শেষে সেরা প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে দিবসটি উপলক্ষে আয়োজিত রক্তদান কর্মসূচিতে আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের জন্য বিনামূল্যে আইনি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।
