
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মাছ ধরার অভিযোগে ১১ জেলেকে আটক করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি জানান, শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সদর উপজেলার পদ্মা নদী ও মেঘনা নদী-এর অভয়াশ্রম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আনন্দ বাজার, দাসদী, সফরমালী, লালপুর ও গাজীর টেক এলাকা থেকে তাদের আটক করা হয়।
অভিযানে দুটি মাছ ধরার নৌকা ও প্রায় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং নৌকা কোস্টগার্ড হেফাজতে রাখা হয়েছে।
মিজানুর রহমান আরও জানান, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।
পরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা আটক জেলেদের সাজা দেন। এতে ৩ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৬ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
