রায়পুরে মাদকবিরোধী অভিযান, গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা-এ মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার ১ নম্বর চরআবাবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাওলাদারের বালুর মাঠের পশ্চিম পাশ থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ৯০০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আক্তার হোসেন, যিনি স্থানীয়ভাবে ‘চোরা আক্তার’ নামে পরিচিত, একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। অপর তিনজনকে মাদক ক্রেতা হিসেবে শনাক্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা যায়, আক্তার হোসেনের বিরুদ্ধে এর আগে ১১টি মাদক মামলা রয়েছে এবং তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

রায়পুর থানা অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযানে জড়িত পুলিশ সদস্যদের উৎসাহিত করতে পুরস্কৃত করা হয়েছে বলেও তিনি জানান।