
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : কালীগঞ্জ উপজেলা-এ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলা সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখতে প্রশাসন কাজ করছে।
প্রধান অতিথি এমপি এ কে এম ফজলুল হক মিলন আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, অনিয়ম ও দুর্নীতি দমনে কঠোর অবস্থানের ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, যানজট নিরসন, অবৈধ মাটিকাটা বন্ধ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সততা ও দলনিরপেক্ষতার মাধ্যমে প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য অনুকূল পরিবেশ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
