
চাঁদপুর প্রতিনিধি : মালদ্বীপের রাজধানী মালের মাফানু এলাকায় বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত হওয়া বাংলাদেশি প্রবাসী হানজালা (ছদ্মনাম/নাম অনুযায়ী) শেষ পর্যন্ত মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে মাফানু এলাকার একটি বহুতল ভবনের ছাদে গাছের পরিচর্যার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রতিদিনের মতো কাজ করার সময় দড়ি বাঁধতে গিয়ে তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে পাশের টিনশেড একতলা ভবনের ওপর পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
নিহত হানজালা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের মীনাপুর গ্রামের বাসিন্দা আব্দুল সামাদের ছেলে। জীবিকার তাগিদে প্রায় সাত মাস আগে তিনি মালদ্বীপে পাড়ি জমান।
এদিকে শুক্রবার বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তখন চিকিৎসকরা তার শারীরিক অবস্থাকে আশঙ্কাজনক বলে জানান।
হানজালার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। নিহতের চাচাতো ভাই মাসুদ বলেন, “ঋণ করে তাকে বিদেশে পাঠানো হয়েছিল। এখন মরদেহ দেশে আনা ও অন্যান্য খরচ বহন করা আমাদের পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।”
তিনি মরদেহ দেশে ফেরত আনা ও প্রয়োজনীয় সহায়তার জন্য বাংলাদেশ সরকার, মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
