
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়।
তবে বগুড়া-৬ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে।
বগুড়ায় ভোটার উপস্থিতি কম
সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৯টা পর্যন্ত বগুড়া করনেশন স্কুল ও কলেজ কেন্দ্রে মাত্র ১০৭টি ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৬০ জন।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মেহেদী হাসান বলেন, “১২ ফেব্রুয়ারির তুলনায় ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট বাড়বে বলে আশা করছি।”
আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।
১৫০টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
প্রার্থীরা
বগুড়া-৬ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন—
বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা (ধানের শীষ),
শহর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা),
এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন (ফুলকপি)।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই আসনে তারেক রহমান পেয়েছিলেন ২ লাখ ১৬ হাজার ২৩৪ ভোট। জামায়াত প্রার্থী পেয়েছিলেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
নিরাপত্তা ব্যবস্থা
জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি) জানিয়েছে, ১৫০টি কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনে ৮ প্লাটুন বিজিবি, সেনাবাহিনী ও র্যাবের টহল রয়েছে। পাশাপাশি ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন বিচারক দায়িত্ব পালন করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল হক বলেন, “সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে।”
শেরপুর-৩ আসনে ভোট
এদিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের কেকেরচর ইউনিয়নের রুপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সকাল ৯টার দিকে কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে শত শত নারী ভোটার ভোট দেওয়ার অপেক্ষায় আছেন।
ভোটার নুরুন্নাহার, সাবিনা ও হোসনে আরা জানান, কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ এবং তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন।
ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, “দুটি কেন্দ্র পরিদর্শন করেছি। ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক।”
তবে তিনি অভিযোগ করেন, জামায়াত নানা গুজব ছড়াচ্ছে। তার দাবি, সুষ্ঠু ভোট হলে ধানের শীষ জয়ী হবে।
