জামালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে ওয়েভের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ)।

বুধবার দুপুরে জামালগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ওয়েভ জামালগঞ্জের সমন্বয়কারী ও উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিনারা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সমন্বয়কারী সানিয়া আখি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জামালগঞ্জ পিএফজির নারী অ্যাম্বাসেডর বীণা রানী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিএফজি অ্যাম্বাসেডর ও ভীমখালী ইউনিয়ন পরিষদের নারী সদস্য আলেয়া বেগম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার এবং জাতীয় পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক আল আমীন। স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের একে কুদরত পাশা।

বক্তারা বলেন, এমন এক সময়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে, যখন দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিন সংবাদমাধ্যমে ধর্ষণ, যৌন হয়রানি, বাল্যবিবাহ, গার্হস্থ্য সহিংসতা ও শিশু নির্যাতনের খবর প্রকাশ পাচ্ছে, যা সমাজের বিবেককে নাড়া দিচ্ছে।

এ বছরের প্রতিপাদ্য—“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—শুধু স্লোগান নয়, সময়ের দাবি বলে উল্লেখ করেন বক্তারা। তাঁদের ভাষ্য, দেশে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে অগ্রগতি হলেও সামাজিক অবক্ষয়, অনলাইন হয়রানি, মাদকাসক্তি, পারিবারিক সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি নারী ও শিশুদের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

বক্তারা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে অপরাধীরা উৎসাহিত হয়। দীর্ঘসূত্রতা, প্রভাবশালীদের চাপ এবং সামাজিক লজ্জার কারণে অনেক ভুক্তভোগী ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। ফলে অপরাধের পুনরাবৃত্তি ঘটে। নারী ও কন্যার নিরাপত্তা কেবল নারীর ইস্যু নয়, এটি মানবাধিকার এবং রাষ্ট্রের অগ্রগতির প্রশ্ন।

মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক মহিলা সম্পাদিকা খালেদা আক্তার, অর্চনা দাস, বিকশিত নারী নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি আয়শা ছিদ্দিকা, সংগঠনের সাবেক সভাপতি কল্পনা আক্তার, সারমিনা আক্তার, সালমা খাতুন, রুমেনা আক্তার ও মারিয়া আক্তার প্রমুখ।

সমাবেশ থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং নারী ও কন্যার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, আজকের সাহসী পদক্ষেপই আগামীর ন্যায়বিচার নিশ্চিত করবে এবং সুরক্ষিত নারী ও কন্যাই গড়ে তুলবে সমৃদ্ধ বাংলাদেশ।