
নিজস্ব সংবাদদাতা : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদ।
সভায় জেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী, পাইকার ও খুচরা বিক্রেতারা অংশগ্রহণ করেন।
সভায় রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং ভোক্তাদের সাথে সদাচরণ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিয়মিত বাজার মনিটরিংজোরদার করা হবে বলেও।জানান।
তিনি আরোও বলেন রমজান মাসে যাতে কোনো পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি না হয়, সে বিষয়ে আমরা কঠোর নজরদারি রাখবো। ব্যবসায়ীদের সহযোগিতায় আমরা একটি স্থিতিশীল বাজার ব্যবস্থা নিশ্চিত করতে চাই।
সভায় ব্যবসায়ীরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আশ্বাস দেন এবং রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
