লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র থেকে দুই কর্মকর্তা আটক, জামায়াত নেতার বাড়িতে খাবার খাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদরাসা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত দুই কর্মকর্তা রাতের বেলায় স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গেলে চন্দ্রগঞ্জ থানা পুলিশ তাদের আটক করেছে।

আটককৃতরা হলেন সহকারী প্রিজাইডিং অফিসার এম এ ওসমানি এবং পোলিং অফিসার মো. ইকবাল হোসেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এম এ ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ভোটকেন্দ্রের দায়িত্ব পালন শেষে কর্মকর্তারা স্থানীয় জামায়াত নেতার বাড়িতে যান। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কাথোয়াইপ্রু মারমা তাদের আটক করেন।

পুলিশ জানায়, আটক কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে। বর্তমানে তারা চন্দ্রগঞ্জ থানা হেফাজতে আছেন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে এই নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং জামায়াতের প্রার্থী রেজাউল করিম বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের এমন ঘটনায় নির্বাচনী পরিবেশে প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।