সাতক্ষীরায় সরিষার ফুলের মধু চাষে অর্থনীতিতে সম্ভাব্য বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

সিরাজুল ইসলাম : সাতক্ষীরার বিস্তীর্ণ মাঠ এখন হলুদ সরিষার সমারোহে ছেয়ে গেছে। সরিষার ফুলে মৌমাছি মধু আহরণ করছে, আর কৃষকেরা সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।

চলতি মৌসুমে জেলার বিভিন্ন এলাকায় প্রায় ১০ হাজার মৌ-বক্স বসানো হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম জানান, এ থেকে ৭৫ মেট্রিক টন মধু উৎপাদনের আশা করা হচ্ছে। প্রতিটি মৌ-বক্সে বছরে পাঁচ থেকে সাতবার মধু সংগ্রহ করা যায়। বর্তমানে প্রতি মণ সরিষার ফুলের মধু বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৭ হাজার টাকায়।

তিনি আরও বলেন, “মৌমাছি পালনের ফলে অনেক বেকার যুবক কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। চলতি মৌসুমে ২৮ জন কৃষক প্রায় ১০ হাজার মৌ-বক্স স্থাপন করেছেন। এ খাতে জেলায় প্রায় ১৫ হাজার মানুষ কর্মসংস্থান পেয়েছে।”

স্থানীয় মৌচাষি ও ব্যবসায়ীরা জানান, সরিষা ফুলের মধু ছাড়াও বরই, লিচু ফুল এবং সুন্দরবনের আশপাশে মৌ-বক্স বসিয়ে সারা বছর মধু সংগ্রহ করা হয়। প্রতি বাক্সে খরচ হয় ৬-৭ হাজার টাকা এবং প্রতি কেজি মধু বিক্রি হয় ৩০০-৩৫০ টাকায়।

সাতক্ষীরা বিসিক শিল্পনগরীর মধু ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, “সরিষার মধু বিদেশে রপ্তানি করা গেলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। সরকারের সহযোগিতা থাকলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা যাবে।”

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত জানান, মধুতে ভেজাল মেশানোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।