
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আডিয়াতলি এলাকায় অবস্থিত মদিনা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক লক্ষ্মীপুরের সার্বিক দিকনির্দেশনায় এ জরিমানা করা হয়।
লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানার নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলার সহকারী পরিচালক নুর হোসেন এবং জেলা নিরাপদ খাদ্য অফিসের নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী খাদ্যপণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় মদিনা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিকে সতর্ক করে বলা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে আইন অনুযায়ী ব্যবসা পরিচালনা নিশ্চিত না করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় লক্ষ্মীপুর মডেল থানার একটি চৌকস পুলিশ দল উপস্থিত ছিল।
