
মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মনোনয়নপত্র দাখিল, শিক্ষার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার।
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসাইন সেলিম, মাহফুজুর রহমান এবং জুলাই শহীদ আনোয়ার হোসেনের পিতা আল আমিন পাটোয়ারী। এছাড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মমিন উল্লাহ পাটওয়ারী ও পৌর জামায়াতের আমীর এডভোকেট হাসান বান্নাসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
নাজমুল হাসান পাটোয়ারী জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে তিনি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গঠনের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি রামগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সার্বিক উন্নয়নে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারীর বিজয় নিশ্চিত করতে গ্রামগঞ্জ ও মহল্লায় তাদের তৎপরতা অব্যাহত রাখবেন বলে জানান।
