রংপুর রেঞ্জে আনসার-ভিডিপি কার্যক্রম পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

রংপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর রেঞ্জের আওতাধীন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) বিভিন্ন ইউনিটের কার্যক্রম পরিদর্শন করেছেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ (এনডিসি, পিএসসি)।

রোববার (২৮ ডিসেম্বর) তিন দিনের নীলফামারী, দিনাজপুর ও লালমনিরহাট সফর শেষে রংপুর নগরীর মাহিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অতিরিক্ত মহাপরিচালক বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব কমাতে বাহিনীর সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘সঞ্জীবন প্রকল্প’ আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে দক্ষ ও উদ্যোক্তা তৈরির একটি সময়োপযোগী উদ্যোগ। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল (বিভিএম, পিভিএমএস)। তিনি বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসচেতনতা তৈরিতে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক কামারুজ্জামান, কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াত হোসেন এবং গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. আবু সোলায়মান। এ ছাড়া বক্তব্য দেন রংপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম।

সভা শেষে প্রশিক্ষণ কেন্দ্রে একটি আমগাছের চারা রোপণ করেন অতিরিক্ত মহাপরিচালক।