
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৬ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ। স্থানীয়ভাবে মাছটি ‘হাউস মাছ’ নামে পরিচিত। বিরল এই মাছটি নিলামে ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার বিকেলে রামগতি উপজেলার বড়খেরী মাছঘাটে মাছটি নিলামে তোলা হয়। এর আগে উপজেলার দক্ষিণে মেঘনা নদীর মোহনায় জেলে কীর্তন মাঝির জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্র জানায়, মাছটির আকার ও ওজন এতটাই বড় ছিল যে দড়ি দিয়ে বেঁধে বাঁশে ঝুলিয়ে ১০ জন জেলে নৌকা থেকে সেটি বড়খেরী মাছঘাটে নিয়ে আসেন। মাছঘাটে মোতালেব বেপারীর আড়তে নিলামে তোলা হলে স্থানীয় পাইকারি মাছ ব্যবসায়ী কৃষ্ণ বেপারী ৭৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। নৌকা থেকে নামানোর সময় ১২ জন জেলেও মাছটি তুলতে হিমশিম খান। পরে পাশের একটি ট্রলারের জেলেদের সহায়তায় মাছটি ডাঙায় তোলা হয়।
মাছের আড়তদার মোতালেব বেপারী বলেন, “সাধারণত শাপলা পাতা মাছ সাগরে থাকে। সম্প্রতি মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই মাছ ধরা পড়ছে। স্রোতের টানে নদীতে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।”
মাছ ব্যবসায়ী কৃষ্ণ বেপারী বলেন, “হাউস মাছ খুব কম পাওয়া যায়। বাজারে এর চাহিদাও ভালো। আশা করছি, ভালো দামেই বিক্রি করা যাবে।”
মাছটি বিক্রি করা জেলে কীর্তন মাঝি বলেন, “অনেক দিন ধরে জালে তেমন মাছ ধরা পড়ছিল না। এতে সংসার চালাতে কষ্ট হচ্ছিল। এই বড় মাছটি পেয়ে ৭৫ হাজার টাকায় বিক্রি করতে পেরেছি।”
