
পিরোজপুর প্রতিনিধি : যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর সহযোগিতায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান এবং এসডিএফ-এর বরিশাল আঞ্চলিক পরিচালক মো. কামাল বাশার।
কর্মশালায় এসডিএফ-এর যুব উন্নয়ন, আত্মকর্মসংস্থান, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি উপকারভোগীরা তাদের জীবনমানের ইতিবাচক পরিবর্তনের অভিজ্ঞতা শেয়ার করেন। প্রধান অতিথি তানজিলা কবির ত্রপা বলেন, পিরোজপুরের পিছিয়ে পড়া এলাকাগুলোতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন। তিনি যুব সমাজকে দক্ষ ও স্বাবলম্বী করতে সরকারি-বেসরকারি সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
