
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা পুলিশের উদ্যোগে যুদ্ধাহত ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে তাঁদের হাতে উপহারসামগ্রী তুলে দেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের অবদান ছাড়া স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। জাতি তাঁদের কাছে চিরঋণী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লক্ষ্মীপুর হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. রেজাউল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
