
এস আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধ : “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজগড়ি-সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মোসাঃ উম্মে কুলসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার, প্রতিবন্ধি সোহেল রানা প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের অংশ। তারাও হতে পারে দেশের সম্পদ। তাই প্রতিবন্ধীদের স্বাভাবিক মানুষের মতো অধিকার দিয়ে সু-শিক্ষিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে। তাদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সমাজের সকল শ্রেনীর মানুষকে এগিয়ে আসতে হবে।
