
লক্ষ্মীপুর: বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়নে লক্ষ্মীপুরে চলমান টুইন পিট ল্যাট্রিন নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে। স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বুয়া নাম এবং অবসরপ্রাপ্তদের নামে কাজ বরাদ্দ দিয়ে প্রকল্পের স্বচ্ছতা ধ্বংস করেছেন।
কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে সঠিক ঠিকাদার নিয়োগ না করে ক্ষমতাসীন প্রভাবশালী মহলের ইচ্ছামতো কাজ ভাগ করে নেওয়ার অভিযোগও উঠেছে। জেলা সদর, রায়পুর ও রামগঞ্জ উপজেলায় মোট ৯,৩৮৯টি ল্যাট্রিন নির্মাণের পরিকল্পনা থাকলেও প্রকৃত বরাদ্দে অনিয়ম, স্বজনপ্রীতি এবং অসমাপ্ত কাজের ঘটনা ঘটেছে।
প্রকল্পের বরাদ্দ ও বাস্তবায়নে অভিযোগ রয়েছে নিম্নমানের উপকরণ ব্যবহারের, নগদ লেনদেন এবং কাজের বরাদ্দে স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের। এমনকি কাগজে বরাদ্দ থাকলেও কিছু পরিবার প্রকৃতপক্ষে টয়লেট পাননি।
সংবাদ সংগ্রহের সময়ও সাংবাদিকদের বাধা দেওয়া হয়েছে। কমলনগর ও রায়পুর উপজেলার কিছু সহকারী প্রকৌশলী সাংবাদিকদের সামনে উল্টো আচরণ করেছেন এবং ফাইল প্রসেসিং, ঘুষ গ্রহণসহ অভিযোগে জড়িত থাকার কথাও উঠেছে।
প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত বিলকিস আক্তার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “সবকিছু নিয়ম মেনে হয়েছে, অভিযোগ উদ্দেশ্যমূলক।” তবে স্থানীয় সচেতনরা বলেন, বারবার অভিযোগের পরও প্রশাসনের নীরবতা প্রকল্পের স্বচ্ছতা ও জনমনে প্রশ্ন তৈরি করেছে।স্থানীয়রা দ্রুত তদন্ত এবং দোষীদের শাস্তি দাবী জানিয়েছেন, নইলে হতদরিদ্রদের জন্য অর্থায়িত প্রকল্প কার্যত ব্যর্থ হয়ে যাবে।
