
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন- যাদের দীর্ঘদিন বিএনপি পাশে রেখেছিল, তাদের প্রকৃত চরিত্র এখন প্রকাশিত হচ্ছে। তারা পিআর ছাড়া নির্বাচন করবে না বলে প্রচারণা চালাচ্ছে। এতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে। তারা পিআর পদ্ধতি ও গণভোটের নামে নির্বাচন বানচালের চক্রান্ত করছে।
বুধবার (৫ ই নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির অধিনস্ত ৯ নং চর আবাবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কর্মী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া আরো বলেন, স্বৈরাচারীদের প্রতিহিংসার রাজনীতিতে বেগম খালেদা জিয়া তাঁর বসত বাড়ি ও পরিবারসহ সবকিছু হারিয়েও দেশ ছেড়ে যাননি। দেশে একটি সুষ্ঠু নির্বাচনের চিন্তাভাবনা শুরু হলেও তা নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া আরও বলেছেন, ১৮ বছর বাংলাদেশে একটি কালো অধ্যায় রচনা সূচিত হয়েছে। ১১ বছরের বাজেট হাসিনা এবং রেহানাসহ তাদের সন্তানের লুটপাট করেছে। এরপর তাদের এমপি-মন্ত্রী ও নেতারা রয়েছে। জোরজবরদস্তি করে তারা ক্ষমতায় না থাকলে দেশের এ অবস্থা থাকতো না।
১৯৫২ থেকে ২০২৪ সাল পর্যন্ত যদি লক্ষ্য করি রাজপথের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি। জনগণের স্বার্থে যারা কথা বলেছেন, জনগণ যাদের সাথে ছিল, দেশ এবং জনগণের জন্য রাজপথে আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত দিয়েছে, তাদের রক্ত কখনো বৃথা যায়নি। হাসিনা এবং তার দোসরদের বিচার প্রচলিত আইনে এদেশে হবে।
তিনি বলেন, আগামি ফেব্রুয়ারিতে রমজানের পূর্বে দেশে একটি নির্বাচন হবে। দীর্ঘদিন থেকে আমরা যে নির্বাচনের প্রত্যাশা করেছি। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, গুম-খুন থেকে দেশের মানুষকে রক্ষার জন্য খালেদা জিয়া জনগণকে নিয়ে আন্দোলন করেছেন। এই আন্দোলন করতে গিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
উক্ত সভায় ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফারুক মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড.এম.নাজমুল ইসলাম মিঠু সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খায়ের আলম, শাহারিয়ার ফয়সাল উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম আলমাস উপজেলা যুবদলের নেতা সুজন পাটোয়ারী উপজেলা ছাত্র দলের আহবায়ক মাহফুজুর রহমান হৃদয়, ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন মাঝি সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রফিক
সভা শেষে নেতারা আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
