সাংবাদিকদের নির্যাতনের ইতিহাস আছে, ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না হয়: আবুল খায়ের ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, “বিগত সময়ে সাংবাদিকদের ওপর নানান নির্যাতন চালানো হয়েছে, কেউ কেউ কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”

মঙ্গলবার রাতে জেলা শহরের বাগবাড়ির করিম টাওয়ারে ‘আবুল খায়ের ভূঁইয়া মিডিয়া টিম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, “বিগত সরকারের মহাদুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিক সাগর-রুনিকে হত্যা করা হয়। এটা ছিল ভয়াবহ ঘটনা। মুক্তিযুদ্ধ, আন্দোলন ও গণতন্ত্রের মূল শর্ত হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন। কিন্তু আমরা দেখেছি, ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ফ্যাসিবাদী প্রবণতা বেড়েছে, মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয়েছে। যারা সত্য তুলে ধরেছে, তারা নির্যাতনের শিকার হয়েছে।”

তিনি আরও বলেন, “শেখ মুজিব ১৯৭১ সালের আগে সংবাদপত্রের প্রতি অনুগত থাকলেও ক্ষমতায় এসে অনেক পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন।”

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “বিগত সময়ে অনেক কাজ হয়েছে, কিন্তু গুণগত মানের ঘাটতি ছিল। দুর্নীতি করে প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। শেখ মুজিবের পরিবার ১১ বছরের বাজেটের সমপরিমাণ অর্থ লুট করেছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হারুনুর রশীদ ব্যাপারি, আবদুল করিম ভূঁইয়া মিজান, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুল আলম খোকন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।