আমিরাতে বকেয়া পরিশোধের পর মুক্তি পেলেন ১৩ বন্দী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে বকেয়া ঋণ পরিশোধের পর ১৩ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। ফারাজ তহবিলের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়, যা পুনর্বাসন ও সমাজে পুনঃএকত্রীকরণের লক্ষ্যে একটি মানবিক কর্মসূচির অংশ।

শারজাহ পুলিশের শাস্তিমূলক ও সংশোধনমূলক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত ২১তম পারিবারিক ফোরামে বন্দীদের মুক্তির ঘোষণা দেওয়া হয়।

শারজাহ পুলিশের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ড. আহমেদ আল নাউর বলেন, “এই ফোরাম পারিবারিক বন্ধন জোরদার ও সামাজিক ভারসাম্য রক্ষায় আমাদের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।” তিনি আরও বলেন, সংস্কার কেবল আইনি বিষয় নয়; এটি মানসিক, সামাজিক ও মানবিক দিককেও অন্তর্ভুক্ত করে।

ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ রশিদ আলালাই জানান, বন্দীদের মুক্তির এই উদ্যোগ তাদের নতুনভাবে জীবন শুরু করার সুযোগ করে দিয়েছে। এটি সমাজে ইতিবাচক পরিবর্তন ও পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করবে।

ফোরামে বন্দীরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান। এতে শারজাহ পুলিশের পুনর্বাসন কার্যক্রমে মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে।