সাতক্ষীরায় আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর–ভেটখালী আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করার লক্ষ্যে সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে শ্যামনগর ফায়ার সার্ভিস অফিসসংলগ্ন এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন সওজের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক চৌধুরী এবং সাতক্ষীরা সওজের নির্বাহী প্রকৌশলী ও ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার পারভেজ।

অভিযানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও সওজ কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন র‌্যাব-৬ (সিপিজি–১)–এর ডিএডি হাবিবুর রহমান এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির মোল্লা।

অভিযান চলাকালে সড়কের দুই পাশে নির্মিত দোকানপাট, টিনের ঘর, অস্থায়ী কাঠামোসহ বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। স্থানীয় জনগণের মধ্যে কেউ কেউ উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করলেও অনেকে প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানান। তাঁদের মতে, অবৈধ দখলের কারণে সড়কটি সরু হয়ে যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল।

এর আগে সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে এক সপ্তাহ আগে মাইকিং ও বিজ্ঞপ্তির মাধ্যমে শ্যামনগর ফায়ার সার্ভিস মোড় থেকে ভেটখালী বাজার পর্যন্ত এলাকায় স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল।