ধর্মপাশায় শিক্ষকদের কর্মবিরতি, হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ : ঢাকা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

কর্মসূচিতে অংশ নেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ও বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বাড়িভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ প্রদানের দাবি জানানো হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, শিক্ষক বিজন বর্মন এবং অফিস সহকারী লুৎফর রহমান উজ্জ্বল।

বক্তারা বলেন, “আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।” তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।