
গণতন্ত্র ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক : ৮ অক্টোবর মঙ্গলবার
বাংলাদেশে নবনিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার ঢাকায় কানাডীয় হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এবি পার্টির পক্ষ থেকে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন দলের মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর সঙ্গে ছিলেন আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি ও সহকারী সম্পাদক ব্যারিস্টার সাঈদ বাকি।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাইয়ের গণআন্দোলন, গণতন্ত্রের চর্চা ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। ব্যারিস্টার ফুয়াদ বলেন, “গণতন্ত্র, স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই এবি পার্টির প্রধান অঙ্গীকার।”
কানাডার পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাইকমিশনার অজিত সিং, রাজনৈতিক কাউন্সেলর মারকাস ডেভিস, দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ফিলিপ্পে বার্নিয়ার আকান্ড ও উপদেষ্টা নিসার আহমেদ।
বৈঠকে হাইকমিশনার অজিত সিং বলেন, “বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় কানাডা।” তিনি রাজনৈতিক অংশগ্রহণ, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি তাঁর দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এবি পার্টির পক্ষ থেকে কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, শিক্ষার্থী বিনিময় ও সংস্কৃতি বিনিময়ের বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়। বৈঠকটি গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশে গণতান্ত্রিক ভবিষ্যৎ ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
