
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের কাটাখালীসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নদীতে অবৈধভাবে মা ইলিশ ধরার খবর পেয়ে অভিযান চালায় মজু চৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। অভিযানে নেতৃত্ব দেন ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিঃ) মো. আজিজুল হক।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ আহরণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু জেলে নদীতে মাছ ধরছিল। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তারা বে–আইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
হামলায় কনস্টেবল মোবারক হোসেনের বাম হাতে বৈঠার আঘাতে ফুলা ও চিলা জখম হয়। অন্যদিকে কনস্টেবল ওম প্রকাশ দে–এর কোমরে পোড়া মাটির চাক্কি নিক্ষেপ করা হলে তিনিও আহত হন।
পুলিশ জানায়, আত্মরক্ষায় সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। এ সময় ৮ জনকে আটক করা হয়। তাদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল, ৪টি বৈঠা ও ১০টি পোড়া মাটির চাক্কি জব্দ করা হয়।
আটককৃতদের মধ্যে মো. হেলাল (২৮) নৌকা থেকে পানিতে লাফ দিলে নৌকার প্রপেলারে আঘাত লেগে তার ডান পায়ের গোড়ালি ও বাঁ পায়ের হাঁটুর নিচে কেটে যায়। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আটক মো. বাবলু (২৬)–ও পানিতে লাফ দিলে তাঁর বাঁ হাতে আঘাত লাগে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর পরিদর্শক আজিজুল হক বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৩২/৩৫৩/৩৪ ধারা এবং মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ (সংশোধনী–২০১৩)–এর ৫(১)/৫(২)(খ) ধারা উল্লেখ করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
