শাটডাউনে অচল কারমাইকেল কলেজ, শিক্ষার্থীদের ১২ দফা দাবি বাস্তবায়নে সময়সীমা বেঁধে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

আলামীন, রংপুর : ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে শিক্ষার পরিবেশ ও নিরাপত্তাসহ ১২ দফা দাবি আদায়ে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। দাবিগুলো পূরণে প্রশাসনকে আগামী ১২ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা। দাবি না মানলে কলেজে অনির্দিষ্টকালের শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন এবং রেলগেট এলাকায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন। এতে করে কলেজগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকাজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।

দাবিগুলোর মধ্যে রয়েছে:

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ

কলেজ ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা

নিয়মিত ক্লাস নেওয়া

প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ

আবাসিক হোস্টেলের সংস্কার

মানসম্মত খাবার ও সুপেয় পানির ব্যবস্থা

পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট

গণপরিবহন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন

ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন

ছাত্রীদের নিরাপত্তা

অডিটোরিয়ামের নির্মাণ সম্পন্ন

সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহায়তা

আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার রনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলন করছি না। আমাদের দাবি শিক্ষার্থীদের মৌলিক চাহিদা। প্রশাসনের গাফিলতির কারণেই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।”

অন্য এক শিক্ষার্থী মুনাওয়ারা আক্তার বলেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই, নিরাপদ ক্যাম্পাস চাই। বারবার অভিযোগ দিয়েও কোনো ফল পাইনি। এখন বাস্তব পদক্ষেপ চাই।”

এদিকে কলেজের অধ্যক্ষ ড. রেজাউল করিম সাংবাদিকদের জানান, “শিক্ষার্থীদের অনেক দাবি যৌক্তিক। আমরা বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী ১২ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কলেজে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ শাটডাউনসহ বৃহত্তর আন্দোলনে যাবে তারা।