
রতন আলী, নিজস্ব প্রতিবেদক, নাটোর: রাত পোহালেই পবিত্র ঈদুল আযহা। আর এই সময়ে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে দেশের বিভিন্ন মহাসড়কে। বিশেষ করে উত্তর ও দক্ষিণবঙ্গগামী যানবাহনের গুরুত্বপূর্ণ রুট বনপাড়া মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বনপাড়া হাইওয়ে থানার দুইটি বিশেষ টিম মাঠে অবস্থান করছে। প্রতিটি টিম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি চালাচ্ছে এবং সার্বক্ষণিক টহল দিচ্ছে।
তিনি আরও জানান, হাইওয়েতে চলাচলকারী যানবাহনের শৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি রোধ ও দুর্ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে।
ওসি ইসমাইল হোসেন আশাবাদ ব্যক্ত করেন, “জনসাধারণের সহযোগিতা থাকলে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব। আমরা সজাগ আছি, আপনারাও সচেতন থাকুন।”
বনপাড়া হাইওয়ে থানার এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা মনে করছেন, পুলিশ প্রশাসনের এমন তৎপরতা চলাচলকারী সাধারণ মানুষের জন্য ঈদের আনন্দকে আরও স্বস্তিদায়ক করে তুলবে।
