লক্ষ্মীপুরে খাল থেকে অবৈধ দোকান, বসতঘর উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা বাড়িঘরসহ সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

আজ বুধবার (২১ মে) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের অভিরখিল ও ছাগল ছিড়া খালে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এ অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- সার্ভেয়ার কমেস্বর চাকমা ও শাখায়েত হোসেন প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্র, সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের জকসিন থেকে পোদ্দার বাজার সড়কসংলগ্ন ছাগল ছিড়া ও অভিরখিল খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় খালে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। সে জন্য খালের জায়গা দখলমুক্ত করে জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মাণ করা সেমিপাকা ১০টি দোকান ও ২টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে। বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানিপ্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে এ অভিযান চালানো হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা নির্মাণ করে খাল দখল করে রাখা হয়েছে। এতে স্বাভাবিকভাবে পানিপ্রবাহ বাধাগ্রস্তসহ বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। এ জন্য খাল দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক করতে এ অভিযান চালানো হয়েছে।সামনের দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।