চোর সন্দেহে, রিক্সাচালককে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়ায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছুরমান আলী (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছুরমানের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী একটি বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে ডেকে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের চর থানাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। ছুরমান আলী চরথানাপাড়া এলাকার কালাম হোসেনের ছেলে। তিনি রিকশাচালক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছুরমান আলীর সঙ্গে প্রতিবেশী আবদুল হাকিমের বিরোধ চলছিল। ওই প্রতিবেশীর বাড়িতে চুরির ঘটনার জড়িত থাকার অভিযোগ তুলে ১০-১২ জন ছুরমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে ভোরে এক প্রতিবেশী বাড়ির শৌচাগারের পাশে গলায় গামছা প্যাঁচানো নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ছুরমানকে চুরির অভিযোগে নির্যাতন করে মারা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এরই মধ্যে জড়িতদের মধ্যে হাকিমকে আটক করা করা হয়েছে বলে জানান।