
বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী হায়দার আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল এ রায় ঘোষণা করেছেন।
রায়ে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়া।
মামলার তথ্য অনুযায়ী, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে রাঙামাটির বাঙ্গালহালিয়া এলাকার রিজিয়া পারভিন রুপার সঙ্গে বিয়ে হয় হায়দার আলীর। ২০২১ সালের ৭ আগস্ট বিকেলে চাচির বাড়ি যাওয়ার কথা বলে রিজিয়া বাড়ি থেকে বের হয়েছিলেন।
পরদিন বান্দরবান-রাঙামাটি সড়কের কুহালং এলাকায় তার হাত-পা বাঁধা ও গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে কথিত প্রেমিক কাজল হোসেনের বিরুদ্ধে মামলা হলেও তদন্তে হায়দার আলীর সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে।
গ্রেপ্তারের পর হায়দার আলীকে কারাগারে পাঠানো হয়েছে এবং দীর্ঘ শুনানির পর মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়া।
