
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ বাঙ্গাখাঁ, লাহারকান্দি, তেওয়ারীগঞ্জ, দালাল বাজার, দক্ষিণ হামছাদী এই ইউনিয়ন গুলোতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুম থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন সরঞ্জমাদি পাঠানো হয়েছে।
আগামীকাল রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ ৫টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৮ জন, মেম্বার পদে ২’শ ২৫ জন, সংরক্ষিত মহিলা পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪৬টি কেন্দ্রে ১ লাখ ২২ হাজার ৯’শ ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শফিকুর রহমান বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
৫টি ইউপিতে প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তার পাশাপাশি ১০জন নির্বাহী ম্যাজিষ্টেট, পুলিশ, আনসার র্যাব-১১ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণের আনুষঙ্গিক সবকিছু পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সীমানা নির্ধারণ ও মামলা জটিলতার কারণে এ ৫টি ইউনিয়নে ভোট হয়নি ১৩ বছরেও বেশি সময়। এতে করে ভোটারধিকার প্রয়োগ ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়েছিল সাধারণ মানুষ। সম্প্রতি সমস্যা সমাধান করে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
