

লক্ষ্মীপুরে গাছের সঙ্গে হাত-পা ও গলা বাঁধা অবস্থায় ৬০ বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুরিয়া গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম মিরন মিয়া। তিনি ওই এলাকার মৃত আনোয়ার মিয়ার ছেলে।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় নিহতের ছেলে মোশাররফ ও ছেলের বউ জাহানারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের একটি সুপারি বাগানে মিরনের হাত-পা ও গলা রশি দিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সহজ-সরল স্বভাবের ছিলেন ওই বৃদ্ধ। পারিবারিক কলহের জের ধরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের ছেলে ও ছেলের স্ত্রীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com