
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
নয় দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
আজ শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের উত্তর তেমুহনী থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঝুমুরের ইলিশ চত্বরে এসে অবস্থান নেয়।
এসময় পুলিশ সদস্যরা কিছুটা দূরত্বে অবস্থান নিতে দেখা যায়। সেখানে বেলা ১২টা পর্যন্ত সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের হাতে লাঠিসোঁটা ছিল।
আন্দোলনকারীরা শুক্রবার (২ আগস্ট) দুপুরে তাদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানায়, জুমার নামাজের পর জেলা শহরের চকবাজার এলাকায় তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা আহত হন। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় বিচার দাবি করেন তারা।
এছাড়াও ঢাকাসহ সারাদেশ ছাত্র ও নিরীহ জনগণের উপর নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায়ও বিচারের দাবি জানিয়েছেন।
এছাড়া নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
