
ক্রীড়া প্রতিবেদকঃ চ্যাম্পিয়ন্স লিগে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও বায়ার্ন মিউনিখ। প্রথম লেগেই দুই দলের আক্রমণাত্মক ফুটবলে জন্ম নেয় ৯ গোলের এক থ্রিলার। যেখানে জার্মান জায়ান্ট বায়ার্নকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
প্যারিসের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে লড়াই। ১৭ মিনিটে লুইস দিয়াজকে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিক থেকে হ্যারি কেইন গোল করে দলকে এগিয়ে নেন। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি জার্মান ক্লাবটি। ২৪ মিনিটে খিচা কাভারাস্কেইয়ার ব্যক্তিগত নৈপুণ্যে সমতায় ফেরে পিএসজি।
৩৩ মিনিটে নেভেসের হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবারও সমতা ফেরায় বায়ার্ন। ৪১ মিনিটে মাইকেল ওলিসের দারুণ গোলে স্কোরলাইন হয় ২-২। যোগ করা সময়ে ভিএআরের সহায়তায় আলফোন্সো ডেভিসের হ্যান্ডবলে পেনাল্টি পায় পিএসজি। সেখান থেকে উসমান দেম্বেলে গোল করলে ৩-২ ব্যবধানে বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। ৫৬ মিনিটে আশরাফ হাকিমির ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন কাভারাস্কেইয়া। এর দুই মিনিট পর দেম্বেলেও নিজের দ্বিতীয় গোল করলে ৫-২ ব্যবধানে বড় লিড নেয় পিএসজি।
তবে হাল ছাড়েনি বায়ার্ন। ৬৪ মিনিটে দায়োত উপামেকানোর গোলে ব্যবধান কমে ৫-৩ হয়। চার মিনিট পর লুইস দিয়াজের দৃষ্টিনন্দন শটে স্কোরলাইন দাঁড়ায় ৫-৪। শেষ দিকে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালালেও পিএসজির রক্ষণভাগ আর কোনো সুযোগ দেয়নি।
এই জয়ে এক গোলের লিড নিয়ে দ্বিতীয় লেগ খেলতে মিউনিখে যাবে পিএসজি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com