৭০ হাজার ইয়াবা সহ আটক 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

 টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজার টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী উপ পরিদর্শক মোঃ আমজাদ হোসাইনকে ৭০ হাজার ইয়াবা সহ আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 

গতকাল শনিবার রাতে কক্সবাজার – টেকনাফ মহাসড়কের রামু মরিচ্যা বিজিবি চেকপোস্টে বাস তল্লাশি চলাকালে ইয়াবাসহ তাকে আটক করে বিজিবি সদস্যরা। 

রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সাংবাদিকদের জানান শনিবার রাতে মরিচ্যা বিজিবি যৌথ চেকপোস্টের সদস্যরা টেকনাফ থেকে আসা ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস  তল্লাশীর সময় আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামায়। জিজ্ঞাসাবাদে তার কথার গড়মিল থাকায় তার ব্যাগ তল্লাশী করা হয়। এসময় ওই ব্যাগে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। আজ সকালে তাকে ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।  

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন- বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। সে মূলত টেকনাফ থেকে  তার গ্রামের বাড়ি যাচ্ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

এবিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানিয়েছেন  বিষয়টি আমরা অবগত হয়েছি। আমাদের উপর মহলেও বিষয়টি জানানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।