
নিজস্ব প্রতিবেদক ঢাকা : রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী ৩ থেকে ৬ মে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬। চার দিনব্যাপী এ সম্মেলনে সারা দেশের জেলা প্রশাসকেরা অংশ নেবেন। মাঠ প্রশাসনের কার্যক্রম, নীতি বাস্তবায়ন এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে সম্মেলনের বিভিন্ন অধিবেশনে।
তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন শুক্রবার এ তথ্য জানান। তিনি বলেন, সম্মেলনের সার্বিক বিষয় তুলে ধরতে মন্ত্রিপরিষদ বিভাগ শনিবার (২ মে) বিকেল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষ নম্বর ৪০০ (ভবন-১) এ এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, এবারের ডিসি সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের সরাসরি মতবিনিময় হবে। পাশাপাশি মাঠপর্যায়ের সমস্যা, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।
প্রেস ব্রিফিং ও সম্মেলনের বিভিন্ন কার্য অধিবেশন কাভার করতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রতি বছরের মতো এবারও সম্মেলনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির সঙ্গে জেলা প্রশাসকদের সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ থাকবে। এতে মাঠ প্রশাসনের অভিজ্ঞতা সরাসরি নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয় বলে সংশ্লিষ্টরা মনে করেন।
ডিসি সম্মেলনকে সরকার ও মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। সম্মেলনের আলোচনার ভিত্তিতে পরবর্তী সময়ে বিভিন্ন নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com