

লক্ষ্মীপুর জেলায় ইউনিয়ন পরিষদে এসে অনেকেই অলস সময় পার করেন কেউ আড্ডা দেন, কেউ বা মোবাইলে মগ্ন থাকেন। তৃণমূলের এই জনগোষ্ঠীর কথা বিবেচনা করে ৩৬টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে গণপাঠাগার। এই উদ্যোগে যেমন প্রান্তিক পর্যায়ে জ্ঞানের পরিধি বাড়ছে, তেমনি সেবাগ্রহীতারাও তাদের অবসর সময়টি কাজে লাগাতে পারছেন। সচেতন মহল এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এবং জ্ঞান বিস্তারে এর প্রসার কামনা করছেন। পর্যায়ক্রমে জেলার অন্যান্য ইউনিয়ন পরিষদেও গণপাঠাগার স্থাপন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সরেজমিনে দেখা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন পরিষদে একটি কক্ষকে চমৎকারভাবে সাজানো হয়েছে। কক্ষটির তিন পাশে রয়েছে বইয়ের আলমারি, যেখানে সারি সারি বই সুশৃঙ্খলভাবে সাজানো আছে। গল্প, উপন্যাস, দর্শন, ধর্ম, কবিতা, কিশোর সাহিত্য, ইতিহাস, খেলাধুলা, বিজ্ঞান, রাজনীতিসহ বিভিন্ন বিষয় ও বয়স উপযোগী বই রাখা হয়েছে। আছে চেয়ার-টেবিলের ব্যবস্থা, যেখানে নানা বয়সের মানুষ বই পড়ায় মগ্ন।
এক যুবক বলেন,"আমি ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন সংশোধনের কাজে এসেছি। সময় লাগবে, তাই অবসরে বই পড়ছি। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ।"
আরেক সেবাগ্রহীতা মুন্নি বলেন,"গ্রাম পর্যায়ে পাঠাগার সচরাচর দেখা যায় না। ইউনিয়ন পরিষদে পাঠাগার গড়ে তোলার উদ্যোগটি চমৎকার।"
বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন,"আমাদের পাঠাগারের কার্যক্রম কেবল শুরু হয়েছে। বর্তমানে তিন শতাধিক বই আছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত যে কেউ এখানে বই পড়তে পারে।"
জেলা প্রশাসনের সূত্র, জেলা ও উপজেলা প্রশাসনের বরাদ্দে ৩৬টি ইউপি কার্যালয়ে গণপাঠাগার স্থাপন করা হয়েছে। প্রতিটি পাঠাগার স্থাপনে ব্যয় হয়েছে প্রায় দুই লাখ টাকা করে। গত ২১শে ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর উপজেলায় ৮টি, রায়পুরে ১০টি, রামগতিতে ৫টি, কমলনগরে ৪টি এবং রামগঞ্জে ৯টি ইউপি কার্যালয়ে পাঠাগার উদ্বোধন করা হয়। অন্যান্য ইউনিয়নেও পাঠাগার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। ইউপি কার্যালয়ে গণপাঠাগার প্রতিষ্ঠার এই উদ্যোগ লক্ষ্মীপুর জেলাতেই প্রথম।
প্রফেসর মাইন উদ্দিন পাঠান বলেন,"ইউনিয়ন পরিষদে গণগ্রন্থাগার স্থাপন একটি মহতী উদ্যোগ। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এটি নতুন এক ধারা উন্মোচন করেছে। ইউনিয়ন পর্যায়ে এমন লাইব্রেরি মানুষকে পাঠাভ্যাস ও জ্ঞান চর্চায় উৎসাহিত করবে এবং ইতিহাস ও ঐতিহ্যের সাথে বর্তমানের সেতুবন্ধন রচনায় সহায়ক হবে।"
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন,"বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর মধ্যে ইউনিয়ন পরিষদই সবচেয়ে ঘনিষ্ঠভাবে তৃণমূল জনগণের সঙ্গে যুক্ত। এখানকার মানুষ প্রায়ই সেবা নিতে ইউনিয়ন পরিষদে আসেন। অনেক সময় তাদের অপেক্ষা করতে হয়, তখন তারা সময় কাটাতে আড্ডা দেন বা ঘোরাফেরা করেন। সেই সময়টিকে অর্থবহ করতে আমরা ‘ইউনিয়ন পরিষদ পাবলিক লাইব্রেরি’ স্থাপনের উদ্যোগ নিই। জেলা বা উপজেলা পর্যায়ে লাইব্রেরি থাকলেও ইউনিয়ন পর্যায়ে খুব কমই আছে। এই পাঠাগারগুলোতে নারী, পুরুষ, শিক্ষার্থীসহ সকল বয়সী মানুষ আসছেন ও নিজ নিজ রুচি অনুযায়ী বই পড়ছেন।"
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com