
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে ৩১জন শহীদ হন।
৩৬ জুলাইতে আজ মঙ্গলবার (৫ আগষ্ট) জেলা জুড়ে সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে চাঁদপুর পৌর শহরের রঘুনাথপুর গ্রামের শহীদ সাজ্জাদ হোসাইন সাব্বিরের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
পর্যাক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের পক্ষে জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি রহিম বাদশা, শহীদ সাজ্জাদ হোসাইনের বাবা মো. জসিম রাজা প্রমুখ।
এছাড়াও জেলার সকল উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবি সংগঠন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, আপনারা জানেন আজকে ৩৬ জুলাই। গত বছর এই সময়টাতে আমাদের অনেক যোদ্ধা শহীদ হয়েছেন। চাঁদপুরে ৩১জন শহীদ রয়েছেন, প্রত্যেক শহীদের কবরে আমাদের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন পেশার লোকজন শ্রদ্ধা নিবেদন করবেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, আজকে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষ্যে জেলা জুড়ে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আশা করি সকলে দিনটি সু-শৃঙ্খলভাবে পালন করবে।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, আপনারা জানেন ৫ আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছিল। এই দিন চাঁদপুরে যারা শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা সমবেত হয়েছি। শহীদদের রুহের মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
