
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। বর্ষা মৌসুম শুরুর আগে এ দুই জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী বলেন, “আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন। সেখানে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। তিনি খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন। ইতোমধ্যে যেসব জেলায় প্রধানমন্ত্রী সফর করেছেন, সেসব স্থানেও খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে। এরই মধ্যে কয়েকটি জেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তা বাস্তবায়ন চলমান রয়েছে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “বর্ষা মৌসুম চলে আসায় আমরা হয়তো মে মাস পর্যন্ত খাল খননের কাজ চালিয়ে যেতে পারব। এরপর বর্ষা শেষে আগামী নভেম্বর-ডিসেম্বর থেকে আবার কর্মসূচি শুরু হবে।”
তিনি জানান, ফেনীতে প্রধানমন্ত্রী আগামী ২৫ মে এবং চাঁদপুরে ১৬ মে সফর করবেন।
সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পানি সম্পদ ব্যবস্থাপনা–সংক্রান্ত ওই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ হয়েছে বলেও জানান পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com