১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক
ঢাকা : দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। আজ রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি কিংবা অতি ভারি বর্ষণ হতে পারে, বিশেষ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে এবং বায়ুমণ্ডলের অস্থিতিশীলতার কারণে এ ধরনের ঝড়বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে। এই পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনসাধারণকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার এবং বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।