

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে এক উঠান বৈঠকে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশত্যাগ করেছেন এবং এর আগে তাঁর ঘনিষ্ঠদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে গৌরিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব অভিযোগ তোলেন।
এ্যানি বলেন, ‘আমরা আগেও বলেছি হাসিনা পালাবে না—এমন কথা ঠিক নয়। তিনি আগে থেকেই তাঁর আত্মীয়-স্বজন, যাদের এমপি–মন্ত্রী বানিয়েছেন, তাঁদের টাকার বস্তা নিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন।’ তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছাড়তে না পেরে এখন জেলে আছেন এবং কেউ কেউ বিদেশে বসে ‘ষড়যন্ত্র’ করছেন।
বিএনপির এই নেতা বলেন, ‘একটা বড় রাজনৈতিক দলের নেত্রীকে পালিয়ে যেতে হলো কেন? কারণ তিনি ভালো কাজ করেননি। দুর্নীতি, দুঃশাসন, গুম-খুন, অর্থ পাচারের কারণে তিনি জনগণের শত্রুতে পরিণত হয়েছেন।’
শেখ হাসিনার বিচার শুরুর প্রসঙ্গ টেনে এ্যানি অভিযোগ করেন, সরকারের দেওয়া লকডাউনে সাধারণ মানুষের সমর্থন নেই। তাঁর ভাষ্য, ‘পাবলিক তাদের পক্ষে নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দেখাচ্ছে, নাকি লকডাউনে মিছিল হচ্ছে—আসলে সেগুলো ভুয়া।’
তিনি বলেন, ‘কিছু চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ ঘটছে—এটা সত্য। অথচ একসময় হাসিনা বলেছিলেন, যারা বাসে আগুন দেবে, তাদের ধরে আগুনে ফেলে দেবে।’
উঠান বৈঠকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির নেতারা—হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, আবুল হাশেম—এছাড়া জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার এবং সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com