হাতির পিঠে চড়ে বিয়ে করতে আসলেন বর, ঘোড়ার গাড়িতে শ্বশুরবাড়ি গেলেন কনে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটে ব্যতিক্রমী এক বিয়ের আয়োজন হয়েছে, যেখানে বর হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়িতে পৌঁছান এবং বিয়ের পর কনে ঘোড়ার গাড়িতে চড়ে স্বামীর বাড়ির উদ্দেশে রওনা হন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পুরানাপৈল সোনার পাড়া গ্রামে এই বিয়ের আয়োজন হয়।

জানা গেছে, সদর উপজেলার চকমোহন গ্রামের ফজলুর রহমানের ছেলে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ফারহান ফয়সাল (২৮) এর সঙ্গে একই উপজেলার পশ্চিম পুরানাপৈল সোনার পাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে ফারহানা আক্তার (২৬) এর বিয়ে সম্পন্ন হয়।

কনের বাবার ইচ্ছা পূরণে বরকে হাতির পিঠে করে প্রায় ১৪ কিলোমিটার দূর থেকে শ্বশুরবাড়িতে আনা হয়। হাতির পিঠে বরকে আসতে দেখে সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয়রা তাকে স্বাগত জানান। পরে কনের বাড়িতে বিকেলে আনন্দঘন পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ ভিড় করেন।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শ্বশুরের ইচ্ছা পূরণে বর ফারহান ফয়সাল আবারও হাতির পিঠে চড়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় কনে ফারহানা আক্তার ঘোড়ার গাড়িতে চড়ে স্বামীর বাড়ির পথে যাত্রা করেন। তাদের সঙ্গে ছিল বরযাত্রীর গাড়িবহর ও মোটরসাইকেল শোভাযাত্রা।

বর ফারহান ফয়সাল বলেন, “হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়ার গল্প শুনেছি, কিন্তু নিজের জীবনে এটি বাস্তবে ঘটায় আমি খুবই আনন্দিত ও গর্বিত।”

কনে ফারহানা আক্তার বলেন, “আমার বিয়েতে বর হাতিতে চড়ে এসেছে, আর আমি ঘোড়ার গাড়িতে শ্বশুরবাড়ি যাচ্ছি—এটি আমার জীবনের এক অসাধারণ অনুভূতি।”

বরের বাবা ফজলুর রহমান জানান, এ আয়োজন করতে তার প্রায় অর্ধলাখ টাকা খরচ হয়েছে, তবে পরিবারের সবাই আনন্দ উপভোগ করেছেন।

কনের বাবা দুলাল হোসেন বলেন, “আমার ইচ্ছে ছিল মেয়ের বিয়েতে ব্যতিক্রম কিছু করার। সেই ইচ্ছা পূরণ হয়েছে। সবাই আমার মেয়ের সুখের জন্য দোয়া করবেন।”

এমন ব্যতিক্রমী আয়োজন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।