হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার বিকেলে উপজেলার চর ঈশ্বর বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদের গোপন তথ্যের ভিত্তিতে হাতিয়া কোস্ট গার্ড স্টেশনের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া মজুদ করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।

অভিযান শেষে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বৈধ কাগজপত্র ছাড়া তেল মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কোস্ট গার্ড স্টেশনের কর্মকর্তা লে. মো. আবুল কাশেম বলেন, “অবৈধভাবে তেল মজুদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।”

তিনি আরও জানান, জব্দ করা জ্বালানি তেল পরবর্তীতে লাইসেন্সধারী ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।